বন্ধুকে হারিয়ে ভেঙে পড়লেন সালমান, স্মৃতিচারণে আবেগঘন বার্তা
প্রিয় বন্ধুকে হারিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সালমান খান। ৪২ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণে ভেঙে পড়েছেন এই বলিউড তারকা।
বলিউড অভিনেতা Salman Khan প্রিয় বন্ধুকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সঙ্গী সুশীল কুমারের মৃত্যুর পর তিনি সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন, যেখানে ফুটে উঠেছে তাদের ৪২ বছরের বন্ধুত্বের স্মৃতি।
এর আগে ২০২৪ সালের ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলির ঘটনা ঘটে, যার বিচারপ্রক্রিয়া এখনও চলছে। এর মধ্যে একাধিকবার হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে। সেই পরিস্থিতির মধ্যেই ব্যক্তিগত জীবনে এই শোকের মুখোমুখি হলেন অভিনেতা।
সালমান জানান, তিনি কাঁদবেন না ঠিক করেছেন, তবে বন্ধুর মৃত্যু তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ৪২ বছর ধরে এই মানুষটির সঙ্গে তার ভাইয়ের মতো সম্পর্ক ছিল। সুশীল কুমারকে তিনি অত্যন্ত দয়ালু ও সংবেদনশীল মানুষ হিসেবে বর্ণনা করেন, যিনি নিজের কষ্টের কথা না ভেবে অন্যদের পাশে দাঁড়াতেন।
তিনি আরও উল্লেখ করেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার বন্ধু সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। বন্ধুকে বিদায় জানাতেও অনীহা প্রকাশ করেন এই অভিনেতা; এমনকি বন্ধুর নামের পাশে ‘প্রয়াত’ শব্দটি ব্যবহার করবেন না বলেও জানান।
আবেগঘন সেই বার্তায় কখনো স্মৃতিচারণ, কখনো হালকা রসিকতার মাধ্যমে বন্ধুর সঙ্গে কাটানো সময় তুলে ধরেন তিনি। এক পর্যায়ে নিজের শারীরিক অবস্থার কথাও উল্লেখ করে বলেন, বন্ধুর সঙ্গে কাটানো অভ্যাসগুলোই যেন এখন তাকে চিন্তায় ফেলছে।
সবশেষে সালমান বলেন, জীবনের সত্য মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কেউ চলে যেতে চাইলে তাকে আটকে রাখা যায় না—তাই বর্তমান সময়টাকেই মূল্য দিতে হবে।