দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

May 4, 2026 - 13:37
 0
দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা সিলেট ও ডিমলায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়, যেখানে ১২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।

সূত্র: বাসস