চাকরি নাকি ব্যবসা—কোনটি আসলে ভালো?
চাকরি নাকি ব্যবসা—কোনটি ভালো তা নির্ভর করে আয়, স্থিতিশীলতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির ওপর। বাস্তব বিশ্লেষণে জানুন দুইটির পার্থক্য।
চাকরি ভালো নাকি ব্যবসা—এই প্রশ্নটি আমাদের সমাজে খুবই পরিচিত, কিন্তু এর উত্তর মোটেও সরল নয়। বর্তমান সময়ে পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে মানুষ এই দুই পথের মধ্যে দ্বিধায় পড়ে যায়। কারণ বিষয়টি শুধু আয়-রোজগারের নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সঙ্গেও গভীরভাবে জড়িত।
ধরা যাক, একজন ভাঙারি ব্যবসায়ী মাসে ৫০–৬০ হাজার টাকা আয় করছেন। অন্যদিকে একজন বিসিএস ক্যাডার, যার মাসিক আয় ৩৫–৪০ হাজার টাকা। অর্থনৈতিক দিক থেকে দেখলে ভাঙারি ব্যবসায়ী এগিয়ে। কিন্তু সামাজিক মর্যাদার প্রশ্ন এলে অধিকাংশ মানুষই বিসিএস ক্যাডারকেই বেশি সম্মান দেবে। এখানেই আমাদের সমাজের বাস্তব চিত্র স্পষ্ট হয়ে ওঠে।
আমাদের সমাজে এখনও কাজের ধরন অনুযায়ী মানুষের মর্যাদা নির্ধারণ করা হয়। ফলে অনেক ক্ষেত্রেই বেশি আয় করা ব্যবসায়ী সামাজিকভাবে পিছিয়ে থাকে, আর কম আয় করেও একজন চাকরিজীবী বেশি সম্মান পায়। এমনকি বিয়ের ক্ষেত্রেও দেখা যায়, অনেক পরিবার অর্থের চেয়ে সামাজিক মর্যাদাকে বেশি গুরুত্ব দেয়।
তবে বাস্তবতা হলো—চাকরি ও ব্যবসা, দুটোরই নিজস্ব গুরুত্ব রয়েছে। ব্যবসায় স্বাধীনতা আছে, নিজের মতো করে কিছু গড়ে তোলার সুযোগ আছে এবং সীমাহীন আয় করার সম্ভাবনাও থাকে। অন্যদিকে চাকরিতে স্থিতিশীলতা, নির্দিষ্ট আয় এবং সামাজিক স্বীকৃতি বেশি পাওয়া যায়।
চাকরি থেকে ব্যবসা কোনো অংশেই কম নয়। বরং ছোট থেকে শুরু করে ধীরে ধীরে একজন ব্যবসায়ী অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে বড় হতে পারেন। অনেক ক্ষেত্রে পারিবারিক ব্যবসার মাধ্যমে পরবর্তী প্রজন্মও সহজে এগিয়ে যাওয়ার সুযোগ পায়।
তবে একটি গুরুত্বপূর্ণ দিক হলো—চাকরিজীবীদের তুলনায় ব্যবসায়ীদের মধ্যে বেকার থাকার ঝুঁকি কম। একজন ব্যবসায়ী নিজের কাজ তৈরি করতে পারেন, কিন্তু একজন চাকরিপ্রত্যাশী সুযোগ না পেলে বেকারই থেকে যান।
সবশেষে বলা যায়, মূল বিষয়টি পেশা নয়—দৃষ্টিভঙ্গি। সমাজ যদি সব কাজকে সমান সম্মানের চোখে দেখে, তাহলে “চাকরি ভালো না ব্যবসা ভালো” এই বিতর্ক অনেকটাই গুরুত্ব হারাবে। উন্নত দেশগুলোর মতো আমাদেরও শেখা উচিত—কোনো কাজই ছোট নয়, আর প্রতিটি মানুষ তার কাজের মাধ্যমেই সম্মানের যোগ্য।