ইসরায়েলের নতুন এফ-৩৫ ও এফ-১৫আই কেনার সিদ্ধান্ত

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্র থেকে আরও এফ-৩৫ ও এফ-১৫আই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। নতুন এই চুক্তির মাধ্যমে দেশটির বিমান বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী হবে।

May 3, 2026 - 23:26
May 4, 2026 - 13:07
 0
ইসরায়েলের নতুন এফ-৩৫ ও এফ-১৫আই কেনার সিদ্ধান্ত
এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে আরও যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটি এফ-৩৫ ও এফ-১৫আই যুদ্ধবিমানের দুটি নতুন স্কোয়াড্রন সংগ্রহের পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েল মার্কিন কোম্পানি লকহিড মার্টিনবোয়িং থেকে প্রায় ১১ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের যুদ্ধবিমান কিনবে।

এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে গঠিত প্রতিরক্ষা ক্রয় কমিটি বিমান বাহিনীর জন্য লকহিড মার্টিনের চতুর্থ এফ-৩৫আই স্কোয়াড্রন এবং বোয়িংয়ের দ্বিতীয় এফ-১৫আইএ স্কোয়াড্রন কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব যুদ্ধবিমান দেশটির প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘমেয়াদি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে এগুলো ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং আকাশে কৌশলগত আধিপত্য বজায় রাখতে সহায়ক হবে।

এই ক্রয়ের ফলে আগামী বছরগুলোতে ইসরায়েলি বিমান বাহিনীর এফ-৩৫আই যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ১০০-তে পৌঁছাবে। পাশাপাশি অত্যাধুনিক এফ-১৫ইএক্সের ইসরায়েলি সংস্করণ এফ-১৫আইএ যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে প্রায় ৫০টিতে উন্নীত হবে।

বর্তমানে ইসরায়েলের হাতে ৪৮টি এফ-৩৫আই যুদ্ধবিমান রয়েছে, যা পূর্বে দেওয়া ৫০টির অর্ডারের অংশ। এছাড়া ২০২৩ সালে আরও ২৫টি এফ-৩৫ যুদ্ধবিমানের অর্ডার দেওয়া হয়েছে, যেগুলো ২০২৮ সালের শুরুর দিকে সরবরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ২০২৪ সালে ২৫টি এফ-১৫আইএ যুদ্ধবিমানের জন্য অর্ডার দেওয়া হয়, যার সরবরাহ ২০৩১ সাল থেকে শুরু হতে পারে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বিমান বাহিনীর সক্ষমতা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আবারও প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে প্রায় ৪০ দিনের সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপকভাবে এফ-৩৫ ও এফ-১৫আই যুদ্ধবিমান ব্যবহার করেছে।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল