স্বামী অদলবদল চেয়ে আদালতে দুই বোন, মধ্যপ্রদেশে আলোড়ন

মধ্যপ্রদেশে দুই বোন স্বামী অদলবদলের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। আদালত মামলাটি পারিবারিক বিষয় হিসেবে দেখেছে।

May 4, 2026 - 16:46
 0
স্বামী অদলবদল চেয়ে আদালতে দুই বোন, মধ্যপ্রদেশে আলোড়ন
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে এক অস্বাভাবিক পারিবারিক ঘটনার জেরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের অনুমতি চেয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট-এর গ্বালিয়র বেঞ্চে আবেদন করেছেন।

ঘটনার শুরু একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া জেলার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। এ অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতে হাজির করার নির্দেশ দেয়।

পরবর্তীতে আদালতে উপস্থিত হয়ে ওই নারী জানান, তিনি জোরপূর্বক অপহৃত নন; বরং স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং এ বিষয়ে তিনি ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন।

একইভাবে অন্য বোনও আদালতে জানান, তিনি নিজের স্বামীর সঙ্গে থাকতে আগ্রহী নন এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। এ সময় দুই বোনই পারস্পরিক সম্মতিতে স্বামী অদলবদলের অনুমতি দেওয়ার অনুরোধ জানান।

মামলায় সংশ্লিষ্ট সবাই সাবালক হওয়ায় আদালত মন্তব্য করেন, এটি অপহরণের মতো কোনো ফৌজদারি বিষয় নয়, বরং পারিবারিক বিরোধ। বিচারপতি বলেন, তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারেন।

শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস সংক্রান্ত মামলাটি খারিজ করে দেয় আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।