গুগল ট্রান্সলেটে এলো উচ্চারণ শেখার নতুন এআই ফিচার
গুগল ট্রান্সলেটে যুক্ত হয়েছে নতুন এআই ফিচার, যা ব্যবহারকারীদের বিদেশি ভাষার সঠিক উচ্চারণ শিখতে সাহায্য করবে।
জনপ্রিয় অনুবাদ প্ল্যাটফর্ম Google Translate তাদের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন একটি এআইভিত্তিক ফিচার চালু করেছে। এই আপডেটের মাধ্যমে এখন ব্যবহারকারীরা শুধু অনুবাদই নয়, বিদেশি ভাষার সঠিক উচ্চারণও সহজে শিখতে পারবেন।
নতুন এই ফিচারের অন্যতম বৈশিষ্ট্য হলো—ব্যবহারকারীরা নিজেদের উচ্চারণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ফিডব্যাক পাবেন। ফলে অনুবাদ করা বাক্যগুলো কীভাবে সঠিকভাবে বলতে হয়, তা অনুশীলন করা আরও সহজ হবে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদার ভিত্তিতেই এই ফিচারটি যুক্ত করা হয়েছে।
যেভাবে কাজ করবে নতুন ফিচার
গুগল ট্রান্সলেটে কোনো শব্দ বা বাক্য টাইপ করার পর নিচে একটি ‘প্র্যাকটিস’ বাটন দেখা যাবে। প্রথমে এই বাটনে চাপ দিয়ে সঠিক উচ্চারণটি শোনা যাবে। এরপর ব্যবহারকারী নিজের ফোনের মাইক্রোফোন ব্যবহার করে সেই শব্দ বা বাক্যটি উচ্চারণ করবেন।
গুগলের এআই প্রযুক্তি কণ্ঠ বিশ্লেষণ করে জানিয়ে দেবে উচ্চারণ কতটা সঠিক হয়েছে। ভুল থাকলে কোন অংশে উন্নতি প্রয়োজন, সেটিও নির্দিষ্ট করে দেখানো হবে।
প্রাথমিক সীমাবদ্ধতা
বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাচ্ছে। শুরুতে যুক্তরাষ্ট্র ও ভারতে এই সুবিধা চালু হয়েছে। আপাতত ইংরেজি, হিন্দি ও স্প্যানিশ—এই তিনটি ভাষায় উচ্চারণ অনুশীলনের সুযোগ রয়েছে। খুব শিগগিরই আইফোন এবং অন্যান্য ভাষার জন্যও এটি উন্মুক্ত করা হতে পারে।
২০ বছরে গুগল ট্রান্সলেট
২০০৬ সালের এপ্রিলে সীমিত ভাষা নিয়ে যাত্রা শুরু করা গুগল ট্রান্সলেট এখন প্রায় ২৫০টি ভাষা সমর্থন করছে। বর্তমানে প্রতি মাসে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন।
নতুন এই উচ্চারণ অনুশীলন ফিচারটি গুগল ট্রান্সলেটকে শুধু অনুবাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পূর্ণাঙ্গ ভাষা শেখার প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করা হচ্ছে।